লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। মেসির পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোয় আর্জেন্টিনার নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। সেই […]
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।
মেসির পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোয় আর্জেন্টিনার নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। সেই শূন্যস্থান পূরণে রোমেরোর ওপর আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত একেবারে নতুন নয়। বিশ্বকাপের আগেই তাকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছিল। মেসি ও ওতামেন্দির বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হচ্ছে।
এবার অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে রেখে রোমেরোকে বেছে নিয়েছেন স্কালোনি। দলের ভেতরে তার নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরম্যান্সের ওপরই এই আস্থার ভিত্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর্জেন্টিনার হয়ে এরই মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর। জাতীয় দলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার তিনটি ম্যাচে আর্মব্যান্ড পরেছেন।
গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি।
মেসির বিদায়ের পর এখন আর্জেন্টিনার নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে রোমেরোর হাত ধরে। বিশ্বকাপজয়ী দলের এই পরিবর্তনের সময়ে মাঠে এবং ড্রেসিংরুমে দলকে নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্ব এখন তার সামনে।