ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচে ব্যবহৃত বলটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের আয়োজনে বলটি বিক্রি হয়। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হেরিটেজ অকশন্সের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে […]
ছবি: সংগৃহীত
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচে ব্যবহৃত বলটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে।
ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের আয়োজনে বলটি বিক্রি হয়। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হেরিটেজ অকশন্সের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ বলটিই এবার নিলামে ওঠে। ওই ম্যাচেই ম্যারাডোনা বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় দুটি গোল করেন।
ম্যাচের প্রথম গোলটি পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠানোর সময় ম্যারাডোনা বাঁ হাত ব্যবহার করেছিলেন। তবে ম্যাচ কর্মকর্তারা তখন গোলটিকে বৈধ ঘোষণা করেন।
এর মাত্র চার মিনিট পর আর্জেন্টিনার অধিনায়ক নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক পাঁচ ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ একটি গোল করেন। পরে ফিফার ভোটে গোলটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।
হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচ চলাকালে তোলা ছবির সঙ্গে তুলনা করে বিশেষজ্ঞরা নিলামে ওঠা বলটির পরিচয় নিশ্চিত করেছেন। নিলামের আগে বলটির সম্ভাব্য মূল্য অন্তত ১ কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সে হিসাবে ৩৩ লাখ ৫০ হাজার ডলারের বিক্রিমূল্য প্রত্যাশার তুলনায় অনেক কম।
বলটির সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাসও। ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ৩৬ বছর ধরে বলটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। পরে ২০২২ সালে লন্ডনের একটি নিলামে এটি ২০ লাখ পাউন্ড বা প্রায় ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়।
ম্যারাডোনার স্মারক হিসেবে তার পরা জার্সিও এর আগে নিলামে বিপুল অর্থে বিক্রি হয়েছে। ২০২২ সালে সোথবির আয়োজিত নিলামে ১৯৮৬ বিশ্বকাপের ওই ম্যাচে পরা জার্সিটি প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।
তবে এবার বিক্রি হওয়া বলটি ক্রীড়া সামগ্রীর নিলামমূল্যের নতুন রেকর্ড গড়তে পারেনি। ২০২৪ সালে মেজর লিগ বেসবলের ঐতিহাসিক মৌসুমে শোহেই ওতানির ৫০তম হোম রান করা বল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
সব ধরনের ক্রীড়া স্মারকের নিলামমূল্যের রেকর্ডও এখনো অন্য একটি স্মারকের দখলে। ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের তৃতীয় ম্যাচে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিজের কিংবদন্তি বেবে রুথের জার্সি ২০২৪ সালে হেরিটেজ অকশন্সে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।
তবু ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সঙ্গে জড়িয়ে থাকা এই বলের ঐতিহাসিক গুরুত্ব আলাদা। ১৯৮৬ বিশ্বকাপের সেই বিতর্কিত অথচ স্মরণীয় মুহূর্তের প্রত্যক্ষ স্মারক হিসেবে নিলামে পাওয়া বিপুল মূল্যও সেটিই আবার প্রমাণ করেছে।