যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো আইস (ICE) বন্দিশিবিরে সরবরাহ করা পানীয় পানিতে পোকা-জাতীয় প্রাণী থাকার অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বন্দিশিবিরে আটক এক ব্যক্তির ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বোতলজাত পানিতে পোকা থাকার অভিযোগ ভিডিওটি ধারণ করেছেন কার্লিটোস রিকার্ডো পারিয়াস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিচার্ড এলএ’ নামে পরিচিত। ভিডিওতে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো আইস (ICE) বন্দিশিবিরে সরবরাহ করা পানীয় পানিতে পোকা-জাতীয় প্রাণী থাকার অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বন্দিশিবিরে আটক এক ব্যক্তির ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভিডিওটি ধারণ করেছেন কার্লিটোস রিকার্ডো পারিয়াস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিচার্ড এলএ’ নামে পরিচিত। ভিডিওতে একটি প্লাস্টিকের পানির বোতলের ভেতরে ছোট ছোট পোকা বা কীটের মতো প্রাণী নড়াচড়া করতে দেখা যায়।
পারিয়াসের দাবি, বন্দিদের জন্য সরবরাহ করা বড় পানির পাত্র থেকেই তিনি বোতলটি ভরে রেখেছিলেন। পরে তার আইনজীবী মার্গারেট হেলারস্টাইনের মাধ্যমে ভিডিওটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর কাছে পৌঁছালে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পারিয়াস বলেন, বন্দিদের জন্য নিরাপদ পানীয় পানি এবং মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি।
ভিডিওটি প্রকাশের কয়েক সপ্তাহ আগেই অ্যাডেলান্টো বন্দিশিবিরে পানি সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে একটি ফেডারেল আদালত উদ্বেগ প্রকাশ করেছিল।
বেসরকারি প্রতিষ্ঠান জিও গ্রুপ পরিচালিত এই বন্দিশিবিরে আটক ব্যক্তিদের জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানীয় পানির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন বিচারক।
মামলায় বন্দিদের পক্ষে থাকা আইনি সহায়তা সংস্থা পাবলিক কাউন্সেলের আইনজীবী রেবেকা ব্রাউন বলেন, ভিডিওটি অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, বন্দিরা দীর্ঘদিন ধরে ঘোলা, দুর্গন্ধযুক্ত এবং অস্বাস্থ্যকর পানি সরবরাহের অভিযোগ করে আসছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ভিডিওটির সত্যতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।
তবে সংস্থাটি জানিয়েছে, অ্যাডেলান্টো বন্দিশিবিরে স্থানীয় মিউনিসিপ্যাল পানির সরবরাহ ব্যবহার করা হয়। আদালতে দাখিল করা নথিতে ডিএইচএসের আইনজীবীরা দাবি করেছেন, স্বাধীন পরীক্ষায় ওই পানির মান যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) নির্ধারিত নিরাপত্তা মান পূরণ করেছে।
একই সঙ্গে ডিএইচএসের বক্তব্য, বন্দিশিবিরের দৈনন্দিন পরিচালনা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার মূল দায়িত্ব পরিচালনাকারী প্রতিষ্ঠান জিও গ্রুপের ওপর বর্তায়।
কার্লিটোস রিকার্ডো পারিয়াস এর আগে এক আইস কর্মকর্তা গুলিবিদ্ধ করার ঘটনায় আলোচনায় এসেছিলেন। যদিও পরে তার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ আদালত খারিজ করে দেয়, এরপর তাকে আইস হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান