যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে একজনের মৃত্যু হয়। তবে সড়কে চলাচলরত কোনো গাড়ির যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লারেডোর লুপ-২০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে একজনের মৃত্যু হয়। তবে সড়কে চলাচলরত কোনো গাড়ির যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে লারেডোর লুপ-২০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
লারেডো পুলিশ বিভাগের তদন্ত কর্মকর্তা হোসে বায়েজা জানান, রাত ১০টার কিছু পর বিমানটি সড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি সড়কের মাঝখানের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার সময় তিনি দুর্ঘটনাটি দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, বিমানের ভেতরে থাকা এক ব্যক্তি ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। পরে আশপাশের লোকজনও উদ্ধারকাজে সহায়তা করেন।
তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে তিনজন তরুণ-তরুণী দ্রুত বেরিয়ে আসেন। তাদের পেছনে একজন পাইলট বলে ধারণা করা ব্যক্তিও বের হন। এরপর আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা এক ব্যক্তিকে বের করার চেষ্টা করেন।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করে গারজা বলেন, পুরো দৃশ্যটি যেন চলচ্চিত্রের কোনো দৃশ্যের মতো ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং যেকোনো সময় বিস্ফোরণের আশঙ্কা ছিল।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেন বিমানটি মহাসড়কে অবতরণের চেষ্টা করেছিল এবং কী কারণে নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনার তদন্তে ফেডারেল সংস্থাগুলোকেও যুক্ত করা হয়েছে।