যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অভিবাসন আইন প্রয়োগে গ্রেপ্তারের সংখ্যা আগের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ৩৯ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যা দেশটির মধ্যে টেক্সাসের পর দ্বিতীয় সর্বোচ্চ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের “ডিপোর্টেশন ডাটা প্রজেক্ট”-এর তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অভিবাসন আইন প্রয়োগে গ্রেপ্তারের সংখ্যা আগের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ৩৯ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যা দেশটির মধ্যে টেক্সাসের পর দ্বিতীয় সর্বোচ্চ।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের “ডিপোর্টেশন ডাটা প্রজেক্ট”-এর তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে ৪১৬ দিনের মধ্যে ফ্লোরিডায় প্রতিদিন গড়ে ৯৩ জন করে অভিবাসীকে আটক করা হয়েছে। আগের প্রশাসনের একই ধরনের সময়ে দৈনিক গড় গ্রেপ্তার ছিল প্রায় ২৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ৩৪৭টি অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থা বর্তমানে অভিবাসনবিরোধী কার্যক্রমে অংশ নিচ্ছে। এসব সংস্থার মধ্যে রয়েছে স্থানীয় পুলিশ বিভাগ, শেরিফ অফিস, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল, ন্যাশনাল গার্ড, ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন এমনকি ফ্লোরিডা লটারির মতো প্রতিষ্ঠানও।
এসব সংস্থা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর সঙ্গে ২৮৭(জি) চুক্তির আওতায় কাজ করছে। এই চুক্তির মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিবাসন আইন প্রয়োগের নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে এ ধরনের চুক্তির সবচেয়ে বড় অংশই ফ্লোরিডায় কার্যকর রয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রশাসন দীর্ঘদিন ধরেই কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নিয়ে আসছে। অঙ্গরাজ্যটির “অপারেশন টাইডাল ওয়েভ” নামে পরিচালিত বিশেষ অভিযানে গত কয়েক মাসেই ১০ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে বলে প্রশাসনের দাবি।
তবে এই অভিযান নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন ও অভিবাসন অধিকারকর্মীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই সাধারণ ট্রাফিক চেক বা ছোটখাটো ঘটনার সূত্র ধরে অভিবাসীদের আটক করা হচ্ছে। এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত নথি ও বডি-ক্যামেরার ভিডিও প্রকাশ না করায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, ফ্লোরিডায় অভিবাসন আইন প্রয়োগের এই ব্যাপক সম্প্রসারণ একদিকে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের সমন্বয়কে শক্তিশালী করছে, অন্যদিকে নাগরিক অধিকার, প্রশাসনিক জবাবদিহি ও আইনি স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।
সূত্র: এপি