ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে ইরানের অধিকারকে সম্মান করতে প্রস্তুত কি না, তা যাচাই করতেই তেহরান প্রস্তাবিত সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মতি দিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর ইরানের পার্লামেন্ট (মাজলিস)-এর অধিকাংশ সদস্য সমঝোতা স্মারকের খসড়ার প্রতি সমর্থন জানিয়েছেন। পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থ রক্ষার […]
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে ইরানের অধিকারকে সম্মান করতে প্রস্তুত কি না, তা যাচাই করতেই তেহরান প্রস্তাবিত সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মতি দিয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর ইরানের পার্লামেন্ট (মাজলিস)-এর অধিকাংশ সদস্য সমঝোতা স্মারকের খসড়ার প্রতি সমর্থন জানিয়েছেন।
পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতেই খসড়াটিকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক মাস ধরে চলা কূটনৈতিক সংলাপ ও ধারাবাহিক আলোচনার ফল হিসেবেই এই সমঝোতা স্মারক সামনে এসেছে। এটি শুধু সংঘাত কমানোর সুযোগই তৈরি করেনি, বরং ভবিষ্যৎ আলোচনার জন্যও একটি নতুন পথ উন্মুক্ত করেছে।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, দেশটি সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তবে সমঝোতা স্মারকের শর্তগুলো যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকলেও জাতীয় অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না। তাই যুক্তরাষ্ট্রের সদিচ্ছা এবং প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, এই সমঝোতা স্মারক তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে চুক্তির কার্যকর বাস্তবায়ন এবং উভয় পক্ষের আস্থার ওপরই এর ভবিষ্যৎ সাফল্য নির্ভর করবে।
সূত্র: আল জাজিরা