যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সেমিকুইনসেন্টেনিয়াল) উপলক্ষে দেশজুড়ে জাতীয় ঐক্য, স্বেচ্ছাসেবা এবং দেশপ্রেমকে সামনে রেখে নানা কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক বিভাজনের কারণে সেই প্রচেষ্টাগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বড় বড় ব্র্যান্ড ও অলাভজনক সংস্থাগুলো দেশব্যাপী ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে কাজ করলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা সেই উদ্যোগকে জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, জাতীয় প্রতীক, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সেমিকুইনসেন্টেনিয়াল) উপলক্ষে দেশজুড়ে জাতীয় ঐক্য, স্বেচ্ছাসেবা এবং দেশপ্রেমকে সামনে রেখে নানা কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক বিভাজনের কারণে সেই প্রচেষ্টাগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বড় বড় ব্র্যান্ড ও অলাভজনক সংস্থাগুলো দেশব্যাপী ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে কাজ করলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা সেই উদ্যোগকে জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, জাতীয় প্রতীক, দেশপ্রেম এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসকে ঘিরে রাজনৈতিক বিভক্তি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট হয়ে উঠেছে। ফলে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে একক জাতীয় উদযাপনের পরিবর্তে ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।
পরিস্থিতিকে আরও জটিল করেছে দুটি পৃথক উদযাপন প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কংগ্রেসের উদ্যোগে গঠিত অরাজনৈতিক আমেরিকা ২৫০ দেশের আনুষ্ঠানিক ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দায়িত্ব পালন করছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ফ্রিডম ২৫০ আলাদা কর্মসূচি পরিচালনা করছে। দুটি পৃথক লোগো, ব্র্যান্ডিং এবং অনুষ্ঠানসূচির কারণে সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অলাভজনক সংস্থাগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে।
অরাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আমেরিকা গিভস কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য ২০২৬ সালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবামূলক বছরের মর্যাদা দেওয়া। তবে অনেক অলাভজনক সংস্থা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কায় এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণে সতর্ক অবস্থান নিয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকর্পস-এর বাজেট ও কাঠামোগত পরিবর্তনের কারণে অনেক সংস্থা জনবল ও অর্থায়নের সংকটেও পড়েছে।
এদিকে ওয়ালমার্ট, কোকা-কোলা এবং আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান রাজনৈতিক বিতর্ক এড়িয়ে স্থানীয় সম্প্রদায়ভিত্তিক উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। ওয়ালমার্ট দেশজুড়ে মোবাইল রেকর্ডিং স্টুডিও চালু করে সাধারণ মানুষের জীবনের গল্প সংগ্রহ করছে, যা ভবিষ্যতে লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষণ করা হবে। অন্যদিকে কোকা-কোলা স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেয়ালচিত্র (ম্যুরাল) নির্মাণ এবং ৫০টি অঙ্গরাজ্যের জন্য বিশেষ সংস্করণের স্মারক ক্যান বাজারজাত করেছে।
ইতিহাসবিদরা মনে করিয়ে দিচ্ছেন, ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ও ওয়াটারগেট কেলেঙ্কারি এবং ভিয়েতনাম যুদ্ধের কারণে দেশ রাজনৈতিকভাবে বিভক্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় জনগণের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবা এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগই সেই আয়োজনকে সফল করে তোলে। তাদের মতে, এবারের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও জাতীয় রাজনীতির চেয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট