যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস)-এর এক কর্মকর্তার গুলিতে একজন অভিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার, অভিবাসী অধিকার সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। নিহত ব্যক্তির নাম লোরেঞ্জো সালগাদো আরাউহো (৫২)। তিনি দীর্ঘদিন ধরে হিউস্টনে বসবাস করতেন এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস)-এর এক কর্মকর্তার গুলিতে একজন অভিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার, অভিবাসী অধিকার সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম লোরেঞ্জো সালগাদো আরাউহো (৫২)। তিনি দীর্ঘদিন ধরে হিউস্টনে বসবাস করতেন এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে চলমান একটি ফেডারেল অভিবাসন অভিযানের সময় তিনি গুলিবিদ্ধ হন।
আইসের দাবি, কর্মকর্তারা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি গাড়ি দিয়ে এক কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছে।
তবে নিহতের পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা চিহ্নবিহীন গাড়িতে ছিলেন। ফলে লোরেঞ্জো হয়তো বুঝতেই পারেননি যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিবারের দাবি, তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।
ঘটনার পর বুধবার শত শত মানুষ হিউস্টনের রাস্তায় বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা “হিউস্টন থেকে আইসকে বিদায় কর” স্লোগান দেন এবং ঘটনার ভিডিও প্রকাশ, সব আলামত সংরক্ষণ ও একটি স্বাধীন তদন্তের দাবি জানান। বিক্ষোভে অভিবাসী অধিকার সংগঠন, মানবাধিকারকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য সিলভিয়া গার্সিয়া, নাগরিক অধিকার সংগঠন এলইউএলএসি (LULAC) এবং আরও কয়েকজন স্থানীয় নেতা বলেছেন, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া জনমনে আস্থা ফিরবে না।
এদিকে, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ঘটনাটির তদন্ত শুরু করেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন অভিযান চলাকালে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নিহতের এটি সাম্প্রতিক কয়েকটি ঘটনার একটি। এসব ঘটনার পর অভিবাসন অভিযান পরিচালনার পদ্ধতি, বলপ্রয়োগের নীতি এবং জবাবদিহিতা নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।