যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ির চালকও রয়েছেন। ঘটনাটি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তাকে সশস্ত্র ও অত্যন্ত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবার গাড়ির চালকও রয়েছেন। ঘটনাটি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সী এক ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির প্রায় পাঁচ মাইলজুড়ে মোট পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা ঘটে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে ছিল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে জানা যায়, দুই আর্জেন্টাইন সমর্থক উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গাড়ি তাদের গাড়ির পাশে এসে গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে।
প্রত্যক্ষদর্শী ওই সমর্থকরা জানান, প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখে তারা বুঝতে পারেন যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
ঘটনার পর পুলিশ তাদের নিরাপদে একটি থানায় নিয়ে যায় এবং সাক্ষ্য গ্রহণ করে। পরে পুলিশি নিরাপত্তায় তাদের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত উবার চালকের অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সংশ্লিষ্ট গাড়িগুলো পূর্বমুখী ছিল। বাকি দুটি ঘটনা শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোড এলাকায় ঘটে।
গুলিবর্ষণের ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক এবং এক কিশোর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোড এলাকায় একটি গাড়ি সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কানসাস সিটি পুলিশের কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, ভুক্তভোগীদের সবাই জানিয়েছেন যে তারা গাড়ি চালানোর সময় তাদের যানবাহন লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।
তদন্তকারীদের ধারণা, স্বল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব গুলিবর্ষণের পেছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনার ধরণ ও সময় বিশ্লেষণ করে তারা এ ধারণায় পৌঁছেছেন।
পরবর্তীতে সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শহরতলি ইনডিপেনডেন্স এলাকার একটি বাড়িতে শনাক্ত করা হয়। পুলিশ সেখানে অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি। বুধবার সকালে বাড়িটিতে প্রবেশ করে তল্লাশি চালানো হলেও সন্দেহভাজনকে পাওয়া যায়নি।
এদিকে কানসাস, কানসাস পুলিশ বিভাগও ১১ জুন সংঘটিত একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলায় ওই ব্যক্তির বিরুদ্ধে পৃথক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং পলাতক সন্দেহভাজনকে গ্রেপ্তারে স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।
সূত্র: এবিসি নিউজ