বিশ্বকাপের মাঠের খেলা শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে মাঠের বাইরের একটি ঘটনা। মেক্সিকোর তিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি এবং সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে এই জটিলতা তৈরি হয়েছে এবং এতে দলের সফর পরিকল্পনা ব্যাহত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মাঠের খেলা শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে মাঠের বাইরের একটি ঘটনা। মেক্সিকোর তিজুয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি এবং সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে এই জটিলতা তৈরি হয়েছে এবং এতে দলের সফর পরিকল্পনা ব্যাহত হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার জন্য সিয়াটলে যাওয়ার কথা ছিল ইরান দলের। তবে বিমানবন্দরে তারেমি ও আলহোইকে আটকে রাখার ঘটনায় দলের যাত্রা নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরান দলকে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু বিমানবন্দরে সৃষ্ট জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হয় এবং পুরো সফরসূচি এলোমেলো হয়ে যায়।
এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, দলের অন্য সদস্যরা বিমানবন্দরে অধিনায়ক ও সহকারী কোচের জন্য অপেক্ষা করছিলেন। তাদের ছাড়া সিয়াটলের উদ্দেশে রওনা না হওয়ার সিদ্ধান্ত নেয় পুরো দল।
এ ধরনের পরিস্থিতির মুখে ইরান দল এবারই প্রথম পড়েনি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোতে ফেরার সময়ও মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করে ইরান ফুটবল ফেডারেশন। সে সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের কারণ দেখিয়ে তাদের যাত্রা বিলম্বিত করা হয়েছিল বলে দাবি করা হয়।
ইরান ফুটবল ফেডারেশন বলছে, বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত ছিল সব অংশগ্রহণকারী দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু ইরান দলের সদস্যদের নিয়ে বারবার এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তারা উদ্বিগ্ন।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই অস্বস্তিকর পরিস্থিতি ইরান দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কি না।