যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ (এসএনএপি) বা ফুড স্ট্যাম্পের অর্থ ব্যবহার করে সোডা, ক্যান্ডি ও অন্যান্য উচ্চ-চিনিযুক্ত পণ্য কেনার ওপর আরোপিত বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করেছেন একটি ফেডারেল আদালত। ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতের বিচারক অ্যামি বারম্যান জ্যাকসন সোমবার এ সংক্রান্ত রায় দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) ফেডারেল […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা কর্মসূচি ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ (এসএনএপি) বা ফুড স্ট্যাম্পের অর্থ ব্যবহার করে সোডা, ক্যান্ডি ও অন্যান্য উচ্চ-চিনিযুক্ত পণ্য কেনার ওপর আরোপিত বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করেছেন একটি ফেডারেল আদালত।
ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতের বিচারক অ্যামি বারম্যান জ্যাকসন সোমবার এ সংক্রান্ত রায় দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) ফেডারেল আইনের আওতায় অঙ্গরাজ্যগুলোকে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকরের অনুমতি দেওয়ার ক্ষমতা রাখে না। ফলে কয়েকটি অঙ্গরাজ্যে এসএনএপি সুবিধাভোগীদের জন্য চালু হতে যাওয়া খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ আপাতত কার্যকর করা যাবে না।
এই মামলাটি করেছিলেন কলোরাডো, আইওয়া, নেব্রাস্কা, টেনেসি ও ওয়েস্ট ভার্জিনিয়ার পাঁচজন এসএনএপি সুবিধাভোগী। তাদের অভিযোগ ছিল, নতুন নিয়ম কার্যকর হলে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় পণ্য সংগ্রহে অনেক পরিবার সমস্যার মুখে পড়বে।
আদালতে জমা দেওয়া নথিতে বাদীপক্ষ উল্লেখ করে, তাদের মধ্যে কেউ ডায়াবেটিস, অ্যালার্জি কিংবা অন্যান্য শারীরিক সমস্যার কারণে নির্দিষ্ট খাদ্যপণ্যের ওপর নির্ভরশীল। আবার কারও ক্ষেত্রে দৈনন্দিন কাজের জন্য অতিরিক্ত শক্তি জোগাতে এসব পণ্যের প্রয়োজন হয়।
এর আগে ইউএসডিএ ২৩টি অঙ্গরাজ্যকে বিশেষ অনুমতি বা ‘ওয়েভার’ দিয়েছিল, যার মাধ্যমে এসএনএপি সুবিধা ব্যবহার করে সোডা, ক্যান্ডি এবং অন্যান্য উচ্চ-চিনিযুক্ত পণ্য কেনার ওপর সীমাবদ্ধতা আরোপের সুযোগ তৈরি হয়। ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ (মাহা) উদ্যোগের অংশ হিসেবে এই নীতিকে সমর্থন করেছিলেন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র।
রায়ে বিচারক জ্যাকসন বলেন, সরকার ও অঙ্গরাজ্যগুলো চাইলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিতে পারে। তবে সেই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যমান আইন ও প্রশাসনিক বিধিমালা উপেক্ষা করা যাবে না।
আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। ন্যাশনাল সেন্টার ফর ল অ্যান্ড ইকোনমিক জাস্টিসের আইনজীবী ক্যাথারিন ডিবলার-মিডোস বলেন, এই রায় খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল লাখো পরিবারের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি এনে দিয়েছে।
অন্যদিকে ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে, করদাতাদের অর্থ ব্যবহার করে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য কেনা নিরুৎসাহিত করার প্রচেষ্টা তারা চালিয়ে যাবে। সংস্থাটির মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য থেকে তারা সরে আসছে না।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ এসএনএপি কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা পান। ফেডারেল অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি বাস্তবায়নে অঙ্গরাজ্যগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালতের সাম্প্রতিক রায়ের ফলে খাদ্য সহায়তা কর্মসূচির সীমা, জনস্বাস্থ্য নীতি এবং সরকারি নিয়ন্ত্রণের পরিধি নিয়ে জাতীয় পর্যায়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।