উত্তর আমেরিকার লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ বা ‘স্যাসকোয়াচ’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বন বিভাগ। নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির পায়ের ছাপ নিয়ে চালানো একটি সরকারি তদন্তের প্রতিবেদন, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। […]
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকার লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ বা ‘স্যাসকোয়াচ’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বন বিভাগ। নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির পায়ের ছাপ নিয়ে চালানো একটি সরকারি তদন্তের প্রতিবেদন, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। তবে এসব নথিতে বিগফুটের অস্তিত্বের চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অধীন বন বিভাগ গত ১৫ অক্টোবর তথ্য অধিকার আইনের আওতাধীন অনলাইন আর্কাইভে ‘বিগফুট/স্যাসকোয়াচ রেকর্ডস’ শিরোনামে নথিগুলো প্রকাশ করে। ২০ নভেম্বর ওয়াশিংটন পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রকাশিত নথিগুলোর মধ্যে সবচেয়ে বিস্তারিত তথ্য রয়েছে ১৯৮২ সালের জুনে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওয়াল্লা ওয়াল্লার কাছে উমাটিলা ন্যাশনাল ফরেস্টের মিল ক্রিক এলাকায় চালানো তদন্তে।
সে সময় বন বিভাগের খণ্ডকালীন টহল কর্মকর্তা পল ফ্রিম্যান দাবি করেছিলেন, প্রত্যন্ত বনাঞ্চলে তিনি অস্বাভাবিক আকৃতির একটি প্রাণী দেখেছেন। কয়েক দিন পর ওই এলাকার কাদামাটিতে বিশাল পায়ের ছাপও খুঁজে পান বলে জানান তিনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর ১৯৮২ সালের ১৭ জুন বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারীরা দুটি স্থানে ছাপের ছবি তোলেন, সেগুলোর মাপ নেন এবং সংরক্ষণের জন্য প্লাস্টারের ছাঁচ তৈরি করেন।
সরকারি তদন্ত প্রতিবেদনে বলা হয়, একটি ছাপের দৈর্ঘ্য ছিল প্রায় ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৭ ইঞ্চি। একটি স্থানে প্রায় ২৫ ফুট এলাকাজুড়ে ছয়টি স্পষ্ট ছাপ পাওয়া যায়। অন্য স্থানে প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে পাওয়া যায় ১৮টি ছাপ। কিছু ছাপ ঘন গাছপালার মধ্য দিয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তকারীরা এগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রডনি এল জনসন বিস্তারিত পরীক্ষা শেষে বলেন, ছাপগুলো প্রায় ৩০০ পাউন্ড বা তার বেশি ওজনের কোনো বিশাল দ্বিপদ প্রাণীর তৈরি নয়। তাঁর যুক্তি ছিল, বিভিন্ন ঢালু জায়গাতেও ছাপগুলোর মধ্যবর্তী দূরত্ব প্রায় একই ছিল। অথচ পাহাড়ি পথে হাঁটার সময় সাধারণত পদক্ষেপের দূরত্বে পরিবর্তন দেখা যাওয়ার কথা। এ ছাড়া তদন্তকারীদের জুতার ছাপ কাদায় আরও গভীরভাবে বসেছিল, কিন্তু কথিত বিগফুটের ছাপ ছিল তুলনামূলক অগভীর। কিছু জায়গায় ছাপের শুরু ও শেষের সংযোগও স্বাভাবিক ছিল না।
একই তদন্তে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর ট্র্যাকার জোয়েল হার্ডিনও ছাপগুলো পরীক্ষা করেন। ১৯৮২ সালের ২৮ জুলাইয়ের এক স্মারকলিপিতে তিনি এগুলোকে অত্যন্ত পরিকল্পিত জালিয়াতির চেষ্টা বলে উল্লেখ করেন। তাঁর ধারণা, নরম প্লাস্টার বা রাবার দিয়ে তৈরি কৃত্রিম পায়ের ছাঁচ ব্যবহার করে ছাপগুলো তৈরি করা হয়ে থাকতে পারে। তবে কারা এগুলো তৈরি করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিগফুটের অস্তিত্বে বিশ্বাসী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রয়াত নৃতত্ত্ববিদ গ্রোভার ক্রান্টজ তদন্তকারীদের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। সংরক্ষিত ছাপের ছাঁচ পরীক্ষা করে তিনি দাবি করেছিলেন, পায়ের ত্বকের সূক্ষ্ম রেখার মতো কিছু বৈশিষ্ট্য কৃত্রিমভাবে তৈরি করা কঠিন। এ কারণে তাঁর মতে, ছাপগুলো বাস্তব হতে পারে। পল ফ্রিম্যানের ছেলে মাইকেলও তাঁর বাবার দাবিকে সমর্থন করে আসছেন। তবে এসব বক্তব্যের কোনোটিই বিগফুটের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে স্বীকৃত হয়নি।
প্রকাশিত দ্বিতীয় নথিতে মন্টানা অঙ্গরাজ্যের পেটি ক্রিক এলাকার ১৯৪৯ ও ১৯৫০ সালের দুটি ঘটনার বিবরণ রয়েছে। স্থানীয় বাসিন্দা লিও কিনি ১৯৮০ সালে লেখা ছয় পৃষ্ঠার একটি স্মৃতিচারণে ঘটনাগুলো তুলে ধরেন।
তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৪৯ সালে তিনজন শিকারির সঙ্গে একটি মৃত এলকের সন্ধানে গিয়ে তাঁরা প্রাণীটির শুধু নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। কাছেই বরফের ওপর বড় আকৃতির কিছু পায়ের ছাপ পাওয়া যায়, যা তাঁরা প্রায় আধা মাইল পর্যন্ত অনুসরণ করেছিলেন। পরের বছর একই এলাকায় ডব্লিউ ডব্লিউ স্মিটজ অস্বাভাবিক ছাপ, তীব্র গন্ধ এবং গর্জনের মতো শব্দ শুনেছিলেন বলে কিনি লিখেছেন। তবে কোনো ঘটনাতেই তাঁরা প্রাণীটিকে সরাসরি দেখতে পাননি।
তৃতীয় নথিটি ২০০৩ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত মন্টানার ক্লার্ক ফর্ক ভ্যালি প্রেস পত্রিকার একটি প্রতিবেদন। এতে স্যান্ডার্স কাউন্টির রিভার রোড ওয়েস্ট এলাকায় তুষারপাতের পর শত শত বড় পায়ের ছাপ পাওয়ার কথা বলা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছাপগুলো অনুসরণ করে জঙ্গলের দিকে গিয়েছিলেন। একটি ছাপের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৬ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৮ ইঞ্চি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পরদিন বৃষ্টিতে অধিকাংশ ছাপ মুছে যায়। স্থানীয়দের কেউ কেউ এগুলোকে বিগফুটের পায়ের ছাপ বলে মনে করলেও এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
বিগফুট বা স্যাসকোয়াচ উত্তর আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী বিশাল, লোমশ ও মানুষের মতো দেখতে রহস্যময় প্রাণী হিসেবে লোককথায় পরিচিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার বিভিন্ন এলাকায় প্রাণীটিকে দেখার দাবি বহু বছর ধরে প্রচলিত। বিভিন্ন সময়ে পায়ের ছাপ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সামনে এলেও এর অস্তিত্ব প্রমাণ করার মতো নির্ভরযোগ্য শারীরিক নমুনা, দেহাবশেষ বা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য ভিডিও পাওয়া যায়নি। এ কারণে অধিকাংশ বিজ্ঞানী বিগফুটের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান।
তবে বন বিভাগ এ ধরনের লোককথা ও স্থানীয় ইতিহাসকে পুরোপুরি উপেক্ষা করছে না। ক্যালিফোর্নিয়ার স্ট্যানিসলস ন্যাশনাল ফরেস্টে সম্প্রতি ‘বিগফুট ইন ইয়োর ব্যাকইয়ার্ড’ নামে একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোককথা, বিভিন্ন সময়ে প্রাণীটি দেখার দাবি এবং বনাঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। সংস্থাটির বক্তব্য, বিগফুটের অস্তিত্ব নিশ্চিত বা অস্বীকার করার মতো কোনো সিদ্ধান্ত তাদের নেই। তবে এ ধরনের গল্প স্থানীয় ইতিহাস ও লোকজ সংস্কৃতির অংশ।
সরকারি নথি প্রকাশের সময় নিয়েও বিগফুট অনুসন্ধানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিগফুট সোসাইটির জেরেমিয়া বায়রন বলেছেন, সরকার সম্প্রতি ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুসংক্রান্ত নথি প্রকাশের উদ্যোগ নেওয়ার পর বিগফুটের পুরোনো তথ্যও সামনে আসছে। তাঁর আশা, ভবিষ্যতে এ ধরনের আরও সরকারি নথি প্রকাশ করা হতে পারে। তবে বন বিভাগ নথি প্রকাশের পেছনে বিশেষ কোনো নতুন অনুসন্ধান কিংবা বিগফুটের অস্তিত্বসংক্রান্ত নতুন সিদ্ধান্তের কথা জানায়নি।
তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট