যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালত এ রায় ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্রসহ তিনটি অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। পরে মার্কিন জেলা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালত এ রায় ঘোষণা করেন।
৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্রসহ তিনটি অভিযোগে নিজের দোষ স্বীকার করেন। পরে মার্কিন জেলা বিচারক ভিক্টর মাররো তাঁকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে তাঁকে ভারতে ফেরত পাঠানো হতে পারে।
আদালতে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন গুপ্ত। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় তিনি অনুতপ্ত। এ সময় পান্নুন, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং নিজের পরিবারের কাছেও ক্ষমা চান তিনি।
মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন গুপ্ত। এ উদ্দেশ্যে একজন ভাড়াটে খুনির কাছে ১৫ হাজার ডলার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। তবে যাঁকে হত্যাকারী হিসেবে নিয়োগের চেষ্টা করা হয়, তিনি আসলে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন।
যুক্তরাষ্ট্রের নাগরিক ও আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুন শিখদের জন্য ‘খালিস্তান’ নামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী। ভারতের পাঞ্জাব রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিও জানিয়ে আসছেন তিনি।
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের পর থেকে কারাগারে রয়েছেন গুপ্ত। এর আগে তাঁকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে গ্রেপ্তার করা হয়েছিল। এ মামলায় অভিযুক্ত বিকাশ যাদব এখনো মার্কিন হেফাজতে নেই।
আদালতে পান্নুন অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নির্দেশে গুপ্ত এ ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন। তবে ভারত সরকার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড তাদের সরকারি নীতির পরিপন্থী।
মামলাটি যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হত্যার একাধিক ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছিল।
তথ্যসূত্র: আল জাজিরা