সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:০৪ অপরাহ্ন, ২৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বেড়েই চলেছে, পেনসিলভানিয়ায় দুইজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজ্যটির স্বাস্থ্য বিভাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি। চলতি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর ঘটনাও […]

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বেড়েই চলেছে, পেনসিলভানিয়ায় দুইজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজ্যটির স্বাস্থ্য বিভাগ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি। চলতি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর ঘটনাও এটিই প্রথম।

অঙ্গরাজ্যের স্বাস্থ্যবিষয়ক সচিব চিকিৎসক ডেবরা বোগেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, হামের বিরুদ্ধে এমএমআর টিকা নিরাপদ এবং এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর সুরক্ষা।

দুজনই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামে মারা যাওয়া দুজনই পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। তবে তাদের নাম, বয়স বা পরিচয়সংক্রান্ত অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চলতি বছর এখন পর্যন্ত পেনসিলভানিয়ার ২৮টি কাউন্টিতে মোট ৩৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা টিকা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

১৯৯১ সালের পর সর্বোচ্চ সংক্রমণ

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রজুড়ে এ রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৭০০-এর বেশি হামের রোগী শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো এক বছরে যুক্তরাষ্ট্রে এত বেশি হাম রোগী শনাক্ত হয়নি।

২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত দেড় বছরে দেশটিতে শনাক্ত হওয়া হামের রোগীর সংখ্যা আগের ২৫ বছরে মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

টিকাই সবচেয়ে কার্যকর সুরক্ষা

বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া। এমএমআর টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগও জনগণকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি হওয়ায় তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হামের সংক্রমণ বাড়ার পাশাপাশি পেনসিলভানিয়ায় দুইজনের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে রোগটির নতুন করে বিস্তার নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ