যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক জটিলতা এবং ভিসা সংকটের মধ্য দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছে ইরান। মাঠে নামার আগেই যেন একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলটিকে। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সোফাই স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। তবে ম্যাচ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক জটিলতা এবং ভিসা সংকটের মধ্য দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে পৌঁছেছে ইরান। মাঠে নামার আগেই যেন একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলটিকে।
সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সোফাই স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। তবে ম্যাচ ঘিরে আলোচনার বড় অংশজুড়ে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং এর প্রভাব।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি স্পষ্ট করে জানান, তার দল ফুটবল খেলতেই বিশ্বকাপে এসেছে, রাজনৈতিক বিতর্কে জড়াতে নয়।
তিনি বলেন, “আমরা এখানে ভালো ফুটবল খেলতে এসেছি। মাঠের বাইরের কোনো বিতর্কে আমাদের মনোযোগ নেই। আমরা রাজনীতি করতে আসিনি। ফুটবল আর রাজনীতি এক নয়।”
তবে বাস্তবতা হলো, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার প্রভাব থেকে পুরোপুরি দূরে থাকতে পারেনি ইরান দল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে পড়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। ভিসা জটিলতার কারণে নির্ধারিত অনুশীলন ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিতে বাধ্য হয় ইরান। এমনকি ইরানি প্রতিনিধিদলের কয়েকজন সদস্য এখনো যুক্তরাষ্ট্রের প্রবেশ ভিসা পাননি বলে জানা গেছে।
তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কিছুটা স্বস্তির খবরও আসে। ইরানের প্রথম ম্যাচের একদিন আগে ওয়াশিংটন ও তেহরান চলমান সংঘাত প্রশমনে একটি স্থায়ী সমঝোতার ঘোষণা দেয়। এতে অন্তত যুদ্ধের তাৎক্ষণিক আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
তারপরও মাঠের বাইরের উত্তেজনা পুরোপুরি থেমে নেই। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ চলাকালে ইরানি সরকারের বিরোধী প্রবাসী ইরানিদের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনও আলোচনা হয়েছে যে, সরকারবিরোধী ব্যানার বা রাজনৈতিক প্রতিবাদ মাঠে দৃশ্যমান হলে তা নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
এসব বিষয়কে গুরুত্ব দিতে রাজি নন কোচ গালেনোয়ি। তিনি বলেন, “প্রতিটি দেশেরই নিজস্ব সমস্যা থাকে। সেগুলোর সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই। আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে বসবাসকারী সব ইরানির প্রতিনিধিত্ব করতে এসেছি।”
বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ ইরানের জন্য শুধু একটি ক্রীড়া আসর নয়; এটি যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্য থেকে স্বাভাবিক জীবনে ফেরারও একটি প্রতীকী উপলক্ষ।
যুদ্ধের ক্ষত, অনিশ্চয়তা এবং নানা সংকটকে পেছনে ফেলে আজ সবুজ ঘাসের মাঠে নামবে ইরান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলেও, অনেকের মতে ইরানের সবচেয়ে বড় লড়াই শুরু হয়েছে মাঠের বাইরেই—আর বিশ্বকাপ সেই সংগ্রামের নতুন এক অধ্যায়।