পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বর্তমান সরকারের প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই মাসের […]
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বর্তমান সরকারের প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে মাহে রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল কদর—যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান আত্মসংযম, তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা এবং পারস্পরিক সহানুভূতির শিক্ষা দেয়।
তিনি বলেন, রমজানকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদের দোসর কিছু অসাধু ব্যবসায়ী এখনও বাজারে সক্রিয় রয়েছে, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দাম বাড়ানোর চেষ্টা করছে। এসব সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে অসাধু ব্যবসায়ীদের সব ধরনের কারসাজি বন্ধ করতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারে, সে জন্য প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। এ প্রেক্ষাপটে জনগণ মৌলিক মানবাধিকারসহ সব ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জামায়াত আমির দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, মাহে রমজানকে আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সমাজ সংস্কারের প্রশিক্ষণ মাস হিসেবে গ্রহণ করে কোরআনের শিক্ষার আলোকে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।