ইরানের হামলা বন্ধ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের জন্য বিপুল পরিমাণ অর্থ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের পরিমাণ ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের […]
ছবি: সংগৃহীত
ইরানের হামলা বন্ধ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের জন্য বিপুল পরিমাণ অর্থ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের পরিমাণ ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে আমিরাতের নিরাপত্তা ও অর্থনীতি উল্লেখযোগ্য চাপের মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়।
দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, আমিরাত ইরানের জন্য মোট ১০ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আরও দুটি সূত্র বলছে, চূড়ান্ত অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তাদের মতে, ভবিষ্যতে আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধ রাখার বিনিময়েই এই সমঝোতা হয়েছে।
তবে অর্থের উৎস নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রয়টার্স জানায়, এই অর্থ আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে নাকি আমিরাতের ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানি সম্পদ থেকে ছাড় করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এসব দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জন্য অর্থ ছাড় বা ৩ বিলিয়ন ডলার হস্তান্তরের খবর ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। তারা দাবি করেছে, কোনো জব্দকৃত বা স্থগিত ইরানি তহবিল ছাড়, স্থানান্তর বা ব্যবস্থাপনা করা হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অর্থনৈতিক সমঝোতার আলোচনা এমন সময় সামনে এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কূটনীতিকদের মতে, এসব আলোচনায় বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল আয় থেকে কয়েক দশক বিলিয়ন ডলার মুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, এই সমঝোতার ফলে কোনো পক্ষকেই প্রকাশ্যে ছাড় দিতে হচ্ছে না। এতে ইরান যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ পাওয়ার দাবি করতে পারবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও সরাসরি অর্থ প্রদানের অভিযোগ থেকে দূরে থাকতে পারবে।
আরেকটি সূত্রের দাবি, সম্ভাব্য সমঝোতার আওতায় আমিরাতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার পাশাপাশি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়ও আলোচনায় রয়েছে।
যদিও বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে, তবুও বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে অর্থনৈতিক ও কূটনৈতিক সমঝোতার পথ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে।