রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি শাহবাগ থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের বোন নুজুলা ফেরদৌসের […]
রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি শাহবাগ থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের বোন নুজুলা ফেরদৌসের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে।
পুলিশ জানায়, কক্ষের ভেতরে খাটের ওপর বসা অবস্থায় টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় ফারা ফেরদৌসের মরদেহ পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে আজিজ সুপার মার্কেটের ওই কক্ষে একাই বসবাস করতেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। এছাড়া তিনি ৩৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তারা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা এবং মো. আব্দুর রশিদের মেয়ে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।