রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল […]
ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১০টার দিকে রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ড দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে, যা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, একটি পরিবারের আদরের সন্তানকে এমনভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অস্থিরতা ও অরাজকতা বাড়বে। তাই অপরাধ দমনে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা রোধে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।