রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শিশির মনির লেখেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তিনি পরিবারের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ […]
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শিশির মনির লেখেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তিনি পরিবারের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নৃশংস এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদে নেমেছেন। রাজধানীতেও একাধিক সংগঠন বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এর মধ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগও দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি করেছে। বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে। পরে এ মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।