রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের রায়ের পূর্ণাঙ্গ নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই রায় এখন উচ্চ আদালতের অনুমোদনের জন্য পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে মামলার ৬৯ পৃষ্ঠার […]
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের রায়ের পূর্ণাঙ্গ নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই রায় এখন উচ্চ আদালতের অনুমোদনের জন্য পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে মামলার ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এবং ৩ পৃষ্ঠার ডেথ রেফারেন্সসহ মোট ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ জুন বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে শিশু রামিসা হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে গত ১৯ মে কৌশলে নিজেদের বাসায় নিয়ে যান স্বপ্না আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে আসামিদের কক্ষে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে আটক করে। অন্যদিকে প্রধান আসামি সোহেল রানাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। দ্রুত তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম শুরু হয়।
বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন। তবে আত্মপক্ষ সমর্থনের সময় উভয় আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।
এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান আশা প্রকাশ করেছেন, উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হলে মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হবে। তার মতে, সংশ্লিষ্ট বেঞ্চ গুরুত্ব দিয়ে শুনানি করলে কয়েক মাসের মধ্যেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে।
শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, বিচার এবং রায়কে অনেকেই বিচার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখছেন। এখন মামলার পরবর্তী ধাপ হিসেবে উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।