ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা আপাতত বাদ দেওয়ার প্রস্তাব তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। অধিবেশনের ওই অংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নাহিদ ইসলাম বলেন, সংসদের চলমান অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা আপাতত বাদ দেওয়ার প্রস্তাব তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। অধিবেশনের ওই অংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, সংসদের চলমান অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিল আকারে পাস করা জরুরি। ৯ অথবা ১২ এপ্রিলের মধ্যে এসব আইন প্রণয়নের বাধ্যবাধকতা থাকায় দ্রুত অগ্রাধিকারভিত্তিতে এগুলো নিয়ে আলোচনা ও অনুমোদনের প্রয়োজন রয়েছে। এ কারণেই নিয়মিত অধিবেশনের পাশাপাশি শুক্রবারও সভা চালানোর পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, পূর্বে আলোচনা হয়েছিল যে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা আপাতত স্থগিত রেখে জরুরি অধ্যাদেশগুলো পাসে গুরুত্ব দেওয়া হবে। তবে কারিগরি বা মুদ্রণজনিত বিলম্বের কারণে বিলগুলো সময়মতো উপস্থাপন না হওয়ায় বর্তমানে ওই আলোচনা চলমান রয়েছে।
বিরোধী দলের পক্ষ থেকে তিনি বলেন, যেসব বিলে মতবিরোধ রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও পর্যাপ্ত আলোচনা নিশ্চিত করতে হবে। পরে যেন এই অভিযোগ না ওঠে যে, বিরোধী মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি—সেই বিষয়টি নিশ্চিত করতে তারা সচেতন।
এ সময় সংসদ নেতার অনুপস্থিতির কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় সংসদ নেতা উপস্থিত থাকলে ভালো হতো।
তার বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার ও বিরোধী দল সমন্বয়ের মাধ্যমে সংসদের কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেবে।
এদিকে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বিরোধী দলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, সংসদের মূল লক্ষ্যই হচ্ছে অধ্যাদেশগুলো দ্রুত পাস করা এবং এ জন্য প্রতিদিন একাধিক অধিবেশন পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে সংসদের সামনে ১৩৩টি অধ্যাদেশ রয়েছে এবং এসব বিষয়ে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়।