সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৭:৫১ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রোজার গুরুত্বপূর্ণ আমল সাহরি ও ইফতার: ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য

সাহরি ও ইফতার রোজার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহরি খাওয়াকে সুন্নত এবং অত্যন্ত বরকতময় কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। রোজা পালনের জন্য শেষ রাতে কিছু খাবার ও পানীয় গ্রহণ করা শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং এতে রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে।’ […]

রোজার গুরুত্বপূর্ণ আমল সাহরি ও ইফতার: ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সাহরি ও ইফতার রোজার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহরি খাওয়াকে সুন্নত এবং অত্যন্ত বরকতময় কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। রোজা পালনের জন্য শেষ রাতে কিছু খাবার ও পানীয় গ্রহণ করা শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং এতে রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে।’ অন্য এক হাদিসে তিনি উল্লেখ করেছেন, ‘মুসলমানদের রোজা ও অন্য ধর্মাবলম্বীদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া।’ অর্থাৎ মুসলমানরা সাহরি গ্রহণ করে রোজা রাখেন, যা তাদের জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য।

পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘পানাহার কর যতক্ষণ না প্রত্যুষে কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়।’ অর্থাৎ সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত সাহরি খাওয়ার সময় থাকে। রাসুলুল্লাহ (সা.) শেষ সময় পর্যন্ত সাহরি বিলম্বিত করাকে পছন্দ করেছেন এবং এটিকে সুন্নত হিসেবে উৎসাহিত করেছেন। তবে মধ্যরাতে সাহরি খাওয়া কাম্য নয়। তাবরানির হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রাতের শেষ ভাগে সাহরি গ্রহণ কর।’

সাহরি খাওয়া সুন্নত, ফরজ নয়। তাই কোনো কারণে সাহরি করা সম্ভব না হলেও রোজা রাখা থেকে বিরত থাকা উচিত নয়। হাদিসে এসেছে, সাহরি বিলম্বিত করা এবং ইফতার ত্বরান্বিত করা উম্মতের জন্য কল্যাণকর। হজরত আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আমার উম্মত যত দিন ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহরি দেরিতে করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’

ইফতারের সময় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রোজা ভাঙা সুন্নত। অকারণে ইফতার বিলম্ব করা ঠিক নয়। কেউ যদি মনে করেন দেরিতে ইফতার করলে বেশি সওয়াব পাওয়া যায় বা এতে তাকওয়া প্রকাশ পায়—এ ধারণা সঠিক নয়। বরং হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, ‘আমার কাছে সেই বান্দাই সবচেয়ে প্রিয়, যে দ্রুত ইফতার করে।’

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, রমজান মাসে তাঁর উম্মতকে পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে—রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়, ইফতার পর্যন্ত ফেরেশতারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করেন, জান্নাতকে প্রতিদিন সাজানো হয়, রোজাদাররা আল্লাহর নিকট উত্তম পরিণতি লাভ করেন এবং বড় বড় শয়তানদের শৃঙ্খলিত করে রাখা হয়।

ইফতারের সময় দোয়া পড়া সুন্নত। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইফতারের সময় বলতেন—‘যাহাবাজ জামাউ, ওয়াবতাল্লাতিল উ’রুকু, ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ।’ অর্থাৎ, পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে সওয়াব স্থির হলো।

রোজাদারকে ইফতার করানোও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হজরত সালমান ফারেসী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করবে, অথচ রোজাদারের সওয়াব কমবে না।’

সিয়াম সাধনার মাধ্যমে মানুষের জীবন শৃঙ্খলাবদ্ধ হয়। যথাসময়ে ইফতার করা এবং শেষ রাতে সাহরি খাওয়ার অভ্যাস মানুষকে সময়ানুবর্তিতা, ধৈর্য ও আত্মসংযম শেখায়। ইফতারের আগে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা আত্মনিয়ন্ত্রণের অনুশীলন, যা চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সাহরি ও ইফতার বৈজ্ঞানিক দৃষ্টিতেও স্বাস্থ্যসম্মত এবং মানবদেহের জন্য বিশেষভাবে উপকারী।

লেখক: ড. মোহাম্মদ আবদুল মজিদ
সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ