মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, উভয় পক্ষ একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং চুক্তির […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান।
শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, উভয় পক্ষ একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত রয়েছে। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হতে পারে এবং এরপর কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিটি রোববার স্বাক্ষরিত হবে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত হবে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ বিষয়ে সংযত মন্তব্য করেছেন। তিনি বলেন, চুক্তির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হলেও এটি রোববারই স্বাক্ষরিত হবে—এমনটি নিশ্চিত নয়। তার মতে, আগামী কয়েক দিনের মধ্যে সমঝোতা হতে পারে, তবে সময়সূচি নিয়ে এখনই নিশ্চিত বক্তব্য দেওয়া ঠিক হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতার আওতায় যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার কাঠামো নির্ধারণের বিষয়গুলো থাকতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং নিষেধাজ্ঞা-সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আলোচনা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও ইসলামাবাদ যেখানে দ্রুত চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদী, সেখানে তেহরানের সতর্ক অবস্থান ইঙ্গিত করছে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো চূড়ান্ত হয়নি। ফলে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরালো হলেও সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: রয়টার্স