ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে প্রায় ২৫৬ যাত্রী নিয়ে কয়েক ঘণ্টা আটকে থাকা বাংলাদেশ বিমানের বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ চলছে। নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। বিজি৩০৬ ফ্লাইটটি টরন্টো–রোম–ঢাকা রুটে চলাচল […]
ছবি: সংগৃহীত
ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে প্রায় ২৫৬ যাত্রী নিয়ে কয়েক ঘণ্টা আটকে থাকা বাংলাদেশ বিমানের বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ চলছে। নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।
বিজি৩০৬ ফ্লাইটটি টরন্টো–রোম–ঢাকা রুটে চলাচল করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এটি। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। যাত্রীদের জানানো হয়, ত্রুটিটি পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত না করা পর্যন্ত বিমানটি উড্ডয়ন করবে না। দুপুর পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করায় যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উড়োজাহাজটির বিস্তারিত কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি পুরোপুরি সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এদিকে একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত ঢাকা–রোম–টরন্টো রুটের বিজি৩০৫ ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি ৮ আগস্ট ২০২৬ দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের ওই দিন সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।
বিজি৩০৬ ফ্লাইটের নতুন সময়সূচি কারিগরি কাজ শেষ হওয়ার পর যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংস্থাটি আরও জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।