লাইভে এসে নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের বিস্তারিত হিসাব তুলে ধরেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি তার এলাকার সরকারি কাজের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানিয়েছেন মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি দেবীদ্বারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা […]
ছবি: সংগৃহীত
লাইভে এসে নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের বিস্তারিত হিসাব তুলে ধরেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি তার এলাকার সরকারি কাজের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানিয়েছেন
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি দেবীদ্বারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার মান যাচাই করেছেন। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কার্যক্রমের তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হবে।
দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের তত্ত্বাবধানে বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষা শুরুর আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি একাধিক কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে ফেলে রাখার প্রবণতা বন্ধেরও আহ্বান জানান।
আসন্ন ঈদকে সামনে রেখে সরকারি বরাদ্দের বিষয়েও তিনি তথ্য দেন। তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ করা হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি। এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, এই পেজে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং সরকারি সহায়তা সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা ও সচিবদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তাও দেন। তার লক্ষ্য সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।