বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা (গোট) বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, আর কোনো দ্বিধা বা বিতর্কের প্রয়োজন নেই—লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। সম্প্রতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। অধিনায়কের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটিতে তিনি একাধিক রেকর্ডও স্পর্শ করেন। ক্যানসাস সিটির ম্যাচে মাঠে নেমে প্রথম […]
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা (গোট) বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, আর কোনো দ্বিধা বা বিতর্কের প্রয়োজন নেই—লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার।
সম্প্রতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। অধিনায়কের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটিতে তিনি একাধিক রেকর্ডও স্পর্শ করেন।
ক্যানসাস সিটির ম্যাচে মাঠে নেমে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন মেসি। একই ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।
এ ছাড়া আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
মেসির এই অর্জনে মুগ্ধ হয়ে রোনালদো নাজারিও বলেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আর মেসির মতো একজন খেলোয়াড় যে এমন রেকর্ড গড়বে, তা কাউকে অবাক করার কথা নয়। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন এবং শিরোপার অন্যতম দাবিদার।”
তিনি আরও বলেন, “বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করে মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা। সে যখন মাঠে নামে, তখন প্রায় প্রতিটি মুহূর্তই ইতিহাস হয়ে যায়।”
রোনালদোর মতে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় রাত হিসেবে ফুটবল ইতিহাসে জায়গা করে নেবে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স, অসংখ্য শিরোপা এবং বিশ্বকাপ মঞ্চে তার প্রভাব তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ম্যাচ শেষে রোনালদোকে নিয়েও প্রশংসা করেন মেসি। তিনি বলেন, “রোনালদো আমার দেখা অন্যতম সেরা ফুটবলার। গোলের পরিসংখ্যান বদলাতে পারে, কিন্তু তার কীর্তি ও প্রভাব কখনো কমবে না।”
ফুটবল বিশ্বের দুই প্রজন্মের দুই কিংবদন্তির পারস্পরিক এই শ্রদ্ধা আবারও আলোচনায় এনে দিয়েছে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ককে। তবে রোনালদো নাজারিওর মতে, সেই বিতর্কের উত্তর ইতোমধ্যেই মাঠে দিয়ে দিয়েছেন মেসি।