পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতজুড়ে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে র্যাব ফোর্সেস। সোমবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাত উপলক্ষে […]
পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতজুড়ে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে র্যাব ফোর্সেস।
সোমবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাত উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্মে টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব জানায়, ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে পর্যাপ্ত সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং গুজব প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।
যেকোনো জরুরি পরিস্থিতিতে সহযোগিতা পেতে র্যাবের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০২৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। শবে বরাত উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেছে র্যাব।