শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের তথ্য গোপন এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ […]
ছবি: সংগৃহীত
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের তথ্য গোপন এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশে বলা হয়, দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। বর্তমানে তারা পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতেই ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়।
পরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে তথ্য আড়াল করে ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছিল। ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার পেছনে যাদের ভূমিকা ছিল, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সেদিন হেফাজতের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। অথচ পরে উল্টো হেফাজতকর্মীদের বিরুদ্ধেই মামলা ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছিল।
চিফ প্রসিকিউটর জানান, ৭ জুনের আগে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একই সঙ্গে ওইদিন ইন্টারনেট, বিদ্যুৎ এবং দুটি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এসব ঘটনায় জড়িতদেরও আসামি করা হবে বলে জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালে হেফাজতে ইসলামের নেতারা চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দাবি করেন, ৫ মে’র ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।