মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শুক্রবার (২৭ মার্চ) একদিনেই আরও ২২টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইরান, […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
শুক্রবার (২৭ মার্চ) একদিনেই আরও ২২টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানসহ কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এ সময়ের মধ্যে কোনো কোনো দিনে ২০টির বেশি ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটেছে। সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭টি।
শুক্রবার বাতিল হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।
চলমান এই পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকতে পারে।