সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৭:৩০ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫

শাহবাগে টানা চতুর্থ দিনের অবরোধে ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবারও অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। টানা চার দিন ধরে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেন সংগঠনটির নেতা–কর্মীরা। পূর্বঘোষণা অনুযায়ী বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা […]

অবরোধে ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবারও অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। টানা চার দিন ধরে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে শাহবাগ এলাকায় অবস্থান নেন সংগঠনটির নেতা–কর্মীরা।

পূর্বঘোষণা অনুযায়ী বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা সোয়া ২টার দিকে তাঁরা শাহবাগ মোড় পুরোপুরি বন্ধ করে দিলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশের সড়কে অবস্থান নিয়ে একের পর এক স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। অনেকের মাথায় ও হাতে বাঁধা জাতীয় পতাকা। কর্মসূচির মধ্যে কবিতা আবৃত্তি ও ওসমান হাদিকে নিয়ে তৈরি গান পরিবেশন করতেও দেখা গেছে।

বিক্ষোভকারীরা ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা জানান, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এর আগে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা। গতকাল রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।

রোববার রাত ১০টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১) খুনি, খুনের পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩) ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪) সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অবস্থান করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ