ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ চত্বরের নতুন নাম ঘোষণা করা হয়—‘শহীদ ওসমান হাদি চত্বর’। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক […]
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ চত্বরের নতুন নাম ঘোষণা করা হয়—‘শহীদ ওসমান হাদি চত্বর’।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগে বিভিন্ন দল ও মতের হাজারো মানুষ সমবেত হন। এ সময় ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথা ভেদ করে গুলি বেরিয়ে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনদিন পর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।