শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। নতুন এই বিধান অনুযায়ী, নির্ধারিত সীমানার মধ্যে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার […]
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের আশপাশে সিগারেটসহ তামাকজাত দ্রব্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। নতুন এই বিধান অনুযায়ী, নির্ধারিত সীমানার মধ্যে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালে প্রণীত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে নতুন কয়েকটি ধারা সংযোজন করা হলো।
অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান কিংবা শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না কিংবা অন্য কাউকে দিয়ে বিক্রি করাতে পারবেন না। এই বিধিনিষেধ সরাসরি জনস্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জনস্বার্থ বিবেচনায় সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই ১০০ মিটারের সীমানা আরও বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে ক্ষমতা প্রদান করা হয়েছে।
নতুন আইনের বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা একাধিকবার সংঘটিত হলে আগের শাস্তির দ্বিগুণ হারে দণ্ড আরোপের কথাও উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশুদের চলাচলপূর্ণ এলাকায় তামাক বিক্রি নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর আইন জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং ধূমপানবিরোধী সচেতনতা আরও জোরদার করবে।