জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ দিয়ে একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন, যার খেসারত দেশবাসীকে গত চার দশক ধরে দিতে হয়েছে। ভবিষ্যতে আবার এমন ভুল হলে তার পরিণতি ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন। শনিবার […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ দিয়ে একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন, যার খেসারত দেশবাসীকে গত চার দশক ধরে দিতে হয়েছে। ভবিষ্যতে আবার এমন ভুল হলে তার পরিণতি ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কারণে বঞ্চিত বগুড়ার উন্নয়নে আগামী দিনে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কেউ যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ফিরে না আসে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কেউ যদি ধানের শীষে ভোট দিতে চায়, তাকেও যেন নির্ভয়ে ভোট দিতে দেওয়া হয়। তার দাবি, জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটকে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির নেতাদের কাছ থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য শোনা যাচ্ছে। তিনি বলেন, আমরা জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদার আসনে বসিয়েছিলেন। কিন্তু বাকশাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দেওয়ায় দেশের মানুষকে প্রায় ৪০ বছর ধরে এর মূল্য দিতে হয়েছে।
আসিফ মাহমুদ আরও বলেন, দেশের মানুষ দেখেছে কীভাবে জীবনের শেষ সময়ে বেগম খালেদা জিয়াকে চরম কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি অভিযোগ করেন, এক-এগারোর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে তারেক রহমানকে নির্যাতন করা হয় এবং তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতে আবার যদি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ দেওয়া হয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বগুড়া-৩ আসনের ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে পশ্চিম বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে সব ধরনের উন্নয়ন নিশ্চিত করা হবে।
আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী এবং জাতীয় নাগরিক পার্টির নেতা ইজাজ আল ওয়াসী জিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আদমদীঘি থেকে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দেন।