মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) […]
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “আজ একটি সাক্ষাৎকারে দেখলাম, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরলে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করার জন্যই ফিরবেন। বাংলাদেশে বিচারিক রায় হয়েছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় বাস্তবায়ন করা।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না কিংবা তাকে কীভাবে আইনি প্রক্রিয়ায় আনা হবে—এসব সিদ্ধান্ত সরকারের।
তার ভাষায়, “এটি বাংলাদেশ সরকারের বিষয়। সরকার দিল্লির সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনবে ও আদালতের রায় কার্যকর করবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত নয় বলেও তিনি মনে করেন। তার দাবি, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষায় প্রস্তুত রয়েছে। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয় এবং সরকার সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতির মুখে সরকারই পড়বে।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানা গেছে। তার মতে, সেটি সঠিক দিকেই অগ্রসর হওয়া হবে।
তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ইতোমধ্যে হয়েছে। এখন সেই রায় কার্যকর করা প্রয়োজন। তিনি দেশে ফিরলে সেটি ফাঁসির রায় কার্যকরের জন্যই হওয়া উচিত।”