প্রবল চাপের মুখেও শেষ পর্যন্ত স্বস্তির জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ ছয় ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল মাত্র ৬০ রান, হাতে ছিল ৮ উইকেট। সে সময় মনে হচ্ছিল, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কোনো অঘটন বুঝি ঘটেই যাবে। কিন্তু নাটকীয়ভাবে পথ হারায় আয়ারল্যান্ড, একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় তারা। টসে হেরে প্রথমে […]
ছবি: সংগৃহীত
প্রবল চাপের মুখেও শেষ পর্যন্ত স্বস্তির জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ ছয় ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল মাত্র ৬০ রান, হাতে ছিল ৮ উইকেট। সে সময় মনে হচ্ছিল, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কোনো অঘটন বুঝি ঘটেই যাবে। কিন্তু নাটকীয়ভাবে পথ হারায় আয়ারল্যান্ড, একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় তারা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ১৬৩ রান। জবাবে শেষ ৩৫ বলে মাত্র ৩৮ রান করতে গিয়ে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থামে ১৪৩ রানে। ফলে ম্যাচটি ২০ রানে জেতে শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় ভালো সূচনা করে আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তোলে ৪৫ রান, হারায় মাত্র ১ উইকেট। ১৩.৪ ওভারে স্কোর পৌঁছে যায় ১০০ রানে, তখন হাতে ছিল আরও ৮ উইকেট। কিন্তু ১৫তম ওভার থেকেই শুরু হয় ধস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। শেষ ছয় ওভারের প্রতিটিতেই তারা উইকেট হারিয়েছে।
বিশেষ করে ১৭তম ওভারে মহীশ তিকশানা ও শেষ ওভারে মাতিশা পাতিরানা দুটি করে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শ্রীলঙ্কার হয়ে তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন তিনটি করে উইকেট। পাতিরানা পান দুটি, আর দুষ্মন্ত চামিরা ও দুনিত ভেল্লালাগে নেন একটি করে উইকেট।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসে বড় ভূমিকা রাখেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। আয়ারল্যান্ডের ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস করায় বড় স্কোর গড়ার সুযোগ পায় শ্রীলঙ্কা। পুরো ইনিংসে আইরিশরা মোট ছয়টি সহজ ক্যাচ ফেলে।
৪৩ বলে ৫টি চারে অপরাজিত ৫৬ রান করেন কুশল মেন্ডিস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কামিন্দু মেন্ডিস। ১৪তম ওভারে ৪ উইকেটে ৮৬ রান থাকা অবস্থায় ব্যাটিংয়ে নেমে তিনি মাত্র ১৯ বলে করেন ৪৪ রান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭তম ওভারে আসে ২১ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি বিশাল ছক্কা।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৩/৬
(কুশল মেন্ডিস ৫৬*, কামিন্দু মেন্ডিস ৪৪, নিশাঙ্কা ২৪; ডকরেল ২/১৭, ম্যাকার্থি ২/৪০)
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১৪৩
(টেক্টর ৪০, রস অ্যাডাইর ৩৪; তিকশানা ৩/২৩, হাসারাঙ্গা ৩/২৫)
ফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কামিন্দু মেন্ডিস