সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে সংসদে যেতে হলে জনগণের সরাসরি ভোটেই যেতে চান। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর […]
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে সংসদে যেতে হলে জনগণের সরাসরি ভোটেই যেতে চান।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে বাস্তবে তাকে এই আসনের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন।
তাসনিম জারা বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ নারী হলেও তাদের প্রতিনিধিত্ব সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসা উচিত। তার মতে, সংরক্ষিত আসন ব্যবস্থা থাকলেও সেটিও ভোটের মাধ্যমেই নির্ধারিত হওয়া প্রয়োজন।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, এর আগে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অল্প সময়ের প্রচারণা, সীমিত ব্যয় এবং প্রচলিত প্রচারণা কৌশল ছাড়াই তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বলেও জানান।
নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়েই সংসদে যেতে চান। পাশাপাশি সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।