ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত দলটির এই ছয় নেতা আগামী জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধিত্ব করবেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণার মাধ্যমে তাঁদের বিজয় নিশ্চিত হয়। বিজয়ী ছয় নেতা ও তাঁদের আসনসমূহ হলো— ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর-৪ আসনে […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত দলটির এই ছয় নেতা আগামী জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণার মাধ্যমে তাঁদের বিজয় নিশ্চিত হয়।
বিজয়ী ছয় নেতা ও তাঁদের আসনসমূহ হলো—
ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
রংপুর-৪ আসনে দলের সদস্য সচিব আখতার হোসেন
কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
নোয়াখালী-৬ আসনে যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ
কুড়িগ্রাম-২ আসনে যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ
নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন
আসনভিত্তিক ফলাফল
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশ)
শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে জয় পান নাহিদ ইসলাম।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া)
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।
কুমিল্লা-৪
হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।
নোয়াখালী-৬ (হাতিয়া)
এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীমকে ২৬ হাজার ৭৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন।
কুড়িগ্রাম-২
ড. আতিক মুজাহিদ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
নারায়ণগঞ্জ-৪
আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
এই ছয়জনের বিজয়ের মাধ্যমে জাতীয় সংসদে প্রথমবারের মতো শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করল জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, সংসদে জনগণের প্রত্যাশা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তাঁরা সক্রিয় ভূমিকা রাখবেন।