সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা […]
ছবি: সংগৃহীত
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন কার্যত সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলা হয়নি, এমনকি এ বিষয়ে আলোচনা করার সুযোগও তৈরি করা হয়নি।
তিনি আরও বলেন, দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা জানতে সংসদে প্রশ্ন করেছিলেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০টি প্রতিষ্ঠানের তালিকা দেন, যার মধ্যে ৯টিই এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি।
এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে আইন পাস হওয়াকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো কার্যকর সংস্কার হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষায়, সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না এবং বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে।
এ সময় তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না, কারণ তারা আশঙ্কা করেন এতে নিজ নিজ এলাকার উন্নয়ন বাজেট বা প্রশাসনিক সহায়তা কমে যেতে পারে। তবে এসব চাপকে উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখার কথা জানান।