সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:১৩ পিএম, ১৩ জুলাই ২০২৬

সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি, মসজিদে বালতি পেতে নামাজ আদায় করছেন মুসল্লিরা

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে, এমনকি সংসদ ভবনের মসজিদেও ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও জানান, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ছে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে […]

সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি, মসজিদে বালতি পেতে নামাজ আদায় করছেন মুসল্লিরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে, এমনকি সংসদ ভবনের মসজিদেও ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও জানান, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার।

জি কে গউছ বলেন, সংসদ ভবনের ওপরের তলায় অবস্থিত মসজিদে সংসদ সদস্যসহ অনেকেই জামাতে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ থেকে পানি পড়ার কারণে সেখানে বিভিন্ন স্থানে বালতি রাখতে হচ্ছে। তিনি বলেন, বৃষ্টির সময় শুধু সংসদ ভবনের বাইরে নয়, মসজিদের ভেতরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সংসদ ভবনে নানা আয়োজন হলেও ভবনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সমস্যার সমাধান হয়নি। চলতি অধিবেশনে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সংসদ ভবনের মসজিদসহ ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি তারাও অবগত। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ে। এমনকি রাতে ঘুমানোর সময় পানি ধরতে পাত্র রাখতে হয়।

পরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সংসদ ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের। তিনি বলেন, রোববারই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেগুলো মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান সম্ভব হবে।

এরপর ডেপুটি স্পিকার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু সংসদ ভবন নয়, সংসদ সদস্যদের সরকারি বাসভবনেও একই ধরনের সমস্যা রয়েছে।

জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, সংসদ ভবন ও সংশ্লিষ্ট আবাসনগুলোতে যেসব স্থানে ছাদ দিয়ে পানি পড়ছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আরও বাংলা-ভয়েজ সংবাদ