পয়লা বৈশাখের হালখাতার প্রতীকী তাৎপর্য টেনে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে দলের বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন বছরের […]
ছবি: সংগৃহীত
পয়লা বৈশাখের হালখাতার প্রতীকী তাৎপর্য টেনে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে দলের বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন বছরের দিনে মানুষের প্রত্যাশা আরও বড়। তিনি বলেন, দেশ নতুন বাংলাদেশ চায়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম রক্ত ও জীবন দিয়েছে। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করেন।
নাহিদ ইসলাম বলেন, পয়লা বৈশাখে হালখাতা খোলার মূল অর্থই হলো পুরোনো সব বকেয়া পরিশোধ করা। একইভাবে জাতীয় জীবনে যেসব বকেয়া এখনো রয়ে গেছে, সেগুলোরও নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তার ভাষায়, সেই সবচেয়ে বড় বকেয়া হলো জুলাই সনদ।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দলও গঠিত হয়েছে; কিন্তু জনগণ এখনো প্রত্যাশিত সংস্কার পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জনগণের কাছে এখনো রয়ে গেছে রক্তের দেনা ও আত্মত্যাগের ঋণ। নতুন বছরের অঙ্গীকার হওয়া উচিত সেই বকেয়া পরিশোধ করা এবং গণভোটের রায়ের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করা।
তিনি অভিযোগ করেন, যারা জুলাই সনদকে অমান্য করার চেষ্টা করছে কিংবা গণভোটের রায়কে যথাযথ সম্মান দিচ্ছে না, তাদের দ্রুত গণরায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। তার মতে, সংস্কার বাস্তবায়ন ছাড়া নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে সেসব অধ্যাদেশ নতুন করে বিল আকারে সংসদে এনে আইনে পরিণত করা হবে।