ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানকে ঘিরে চলমান আইনি বিরোধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন ওপেনএআইয়ের সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানার পর মাস্ক তাকে নিজের শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে বুধবার (৬ মে) কয়েক ঘণ্টাব্যাপী সাক্ষ্য দেন জিলিস। মামলাটি করেছেন মাস্ক। তার অভিযোগ, ওপেনএআইকে অলাভজনক […]
ছবি: সংগৃহীত
ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানকে ঘিরে চলমান আইনি বিরোধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন ওপেনএআইয়ের সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানিয়েছেন, সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানার পর মাস্ক তাকে নিজের শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে বুধবার (৬ মে) কয়েক ঘণ্টাব্যাপী সাক্ষ্য দেন জিলিস। মামলাটি করেছেন মাস্ক। তার অভিযোগ, ওপেনএআইকে অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান থেকে মুনাফাভিত্তিক কোম্পানিতে রূপান্তর করে প্রতিষ্ঠানটির মূল আদর্শ থেকে সরে গেছেন স্যাম অল্টম্যান।
আদালতে জিলিস বলেন, তিনি সবসময় মা হতে চেয়েছিলেন। সেই সময় মাস্ক তাকে সন্তান নেওয়ার জন্য সহায়তার প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মত হন। তার ভাষায়, “ইলন ওই সময় আশপাশের মানুষদের সন্তান নিতে উৎসাহিত করতেন। তিনি দেখেছিলেন আমার কোনো সন্তান নেই, তাই নিজেই এই প্রস্তাব দেন।”
জিলিস জানান, ২০২০ সালের দিকে মাস্ক তাকে শুক্রাণু দানের প্রস্তাব দেন। সে সময় তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না। তবে এর আগে তাদের মধ্যে স্বল্প সময়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে আদালতে স্বীকার করেন তিনি।
বর্তমানে জিলিস মাস্কের চার সন্তানের মা। তিনি বলেন, প্রথমদিকে সন্তানদের জীবনে মাস্ককে সক্রিয় বাবা হিসেবে রাখার পরিকল্পনা ছিল না এবং পিতৃত্বের বিষয়টিও গোপন রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে পরিস্থিতি বদলায় এবং এখন মাস্ক সন্তানদের জীবনে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
শিভন জিলিস দীর্ঘদিন প্রযুক্তি ও বিনিয়োগ খাতে কাজ করেছেন। তিনি টেসলা ও নিউরালিংকেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার পরই তার সঙ্গে মাস্কের পরিচয় হয়।
আদালতে উপস্থাপিত ইমেইল ও বার্তালাপ থেকে জানা যায়, ২০১৭ সাল থেকেই ওপেনএআইকে বড় পরিসরে সম্প্রসারণ এবং বিপুল বিনিয়োগ সংগ্রহের জন্য অলাভজনক কাঠামো পরিবর্তনের আলোচনা চলছিল। সেখানে মাস্কও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
জিলিসের সাক্ষ্যে আরও উঠে আসে, মাস্ক ওপেনএআইয়ের ওপর বেশি নিয়ন্ত্রণ চাইতেন। তিনি পরিচালনা পর্ষদে অতিরিক্ত আসন দাবি করেছিলেন এবং প্রতিষ্ঠানটিকে টেসলার অংশ বা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রস্তাবও দিয়েছিলেন।
তবে ওপেনএআইয়ের অন্য প্রতিষ্ঠাতারা শেষ পর্যন্ত সেই প্রস্তাবে একমত হননি। আদালতে উপস্থাপিত একটি ইমেইলে জিলিস লিখেছিলেন, প্রতিষ্ঠাতাদের বড় উদ্বেগ ছিল—মাস্ক যেন ওপেনএআইয়ের কার্যক্রমের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ না পান।