সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৫৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সরকারকে আর বেশি সময় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দাবি করছে এবং সরকার যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি […]

সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

সরকারকে আর বেশি সময় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দাবি করছে এবং সরকার যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সময় খুব সীমিত। সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন না হলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে গণভোটের ফল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনমতের চাপে সরকারকে বাধ্য হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। তিনি ১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটের উদাহরণ টেনে বলেন, তৎকালীন সরকারও শেষ পর্যন্ত জনচাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল।

তার ভাষায়, “ভালোয় ভালোয় জনগণের দাবি মেনে নিন। জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন না।”

আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গে তিনি বলেন, নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বা মামলা-গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে না। “দেশ ও জনগণের স্বার্থে আমরা বারবার জেলে যেতে প্রস্তুত, প্রয়োজনে জীবনও দিতে প্রস্তুত। জেলের তালা কিংবা চাবিওয়ালা—কেউই স্থায়ী নয়,” বলেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বর্তমান সরকারের নানা নীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের প্রায় সবকিছু একজন ‘সর্ব বিষয় বিশারদ’ মন্ত্রীর নিয়ন্ত্রণে চলে গেছে। পাশাপাশি তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলায় গিয়ে জনগণকে ভুল তথ্য দিচ্ছেন।

বিশেষ করে কক্সবাজারে দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দল বাজেটে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের কর বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পদ একটি রাষ্ট্রীয় ও মর্যাদাপূর্ণ পদ। সেই পদে থেকে বারবার ভুল কিংবা মিথ্যা তথ্য দেওয়া জাতির জন্য লজ্জাজনক এবং ক্ষতিকর।”

বাজেট নিয়ে সমালোচনার বিষয়টি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বাজেটের সমালোচনা করা বিরোধী দলের সাংবিধানিক অধিকার। তিনি মনে করেন, সমালোচনা শুনে সরকারের ধৈর্য ধরা উচিত ছিল।

তিনি আরও বলেন, “গণতন্ত্রে সমালোচনা থাকবে। বিরোধী মত থাকবেই। সেটিকে সম্মান করার মানসিকতা থাকতে হবে।”

জাতীয় সংসদে বিরোধী মত প্রকাশের যথাযথ পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সংসদে কার্যকর বিরোধী মতামত উপস্থাপনের সুযোগ না থাকায় জনগণের দাবি নিয়ে তাদের রাজপথে নামতে হয়েছে।

“আমরা জনগণের সংসদে চলে এসেছি, আর সেই সংসদ হচ্ছে রাজপথ,” বলেন তিনি।

বর্তমান সরকারের সময় দুর্নীতি ও চাঁদাবাজি কমার পরিবর্তে বেড়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, জনগণ আশা করেছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে চাঁদাবাজি কমবে, দুর্নীতি নিয়ন্ত্রণ হবে এবং প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে।

তার ভাষায়, “চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তা আরও বেড়েছে। দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে।”

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশ শেষে নেতারা জনস্বার্থে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ