বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয়ের পর মাঠের ফুটবলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং বিতর্ক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপর হওয়া একটি সাইবার হামলা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে জানায়, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। ওই বার্তাগুলোতে দাবি করা হয়, “আর্জেন্টিনা জেতেনি” […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয়ের পর মাঠের ফুটবলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং বিতর্ক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওপর হওয়া একটি সাইবার হামলা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে জানায়, ম্যাচের পর এএফএর অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্ট থেকে কয়েকজন সাংবাদিকের কাছে কিছু বার্তা পাঠানো হয়। ওই বার্তাগুলোতে দাবি করা হয়, “আর্জেন্টিনা জেতেনি” এবং ম্যাচের ফলাফল ছিল “দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল”। পাশাপাশি মিসরের ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়।
ঘটনার পরপরই এএফএ এক বিবৃতিতে জানায়, তাদের অফিসিয়াল ই-মেইল সিস্টেমে সাইবার হামলা হয়েছে এবং বিতর্কিত বার্তাগুলো তাদের অনুমোদিত নয়। সংস্থার দাবি, এসব ই-মেইল কোনো কর্মকর্তা বা কর্মচারী পাঠাননি।
এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিবৃতিতে এএফএ সাধারণ মানুষ ও গণমাধ্যমকে সতর্ক করে জানিয়েছে, সম্প্রতি তাদের নামে পাঠানো যেকোনো অস্বাভাবিক ই-মেইল, লিংক বা সংযুক্ত ফাইল ব্যবহার না করার জন্য। একই সঙ্গে সাইবার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে ছিল মিসর। তবে ম্যাচের শেষ ১১ মিনিটে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির দল।
প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর লিওনেল মেসি সমতাসূচক গোল করেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে তুলে নেন।
এই পরাজয়ের পর মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তাদের অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার অফিশিয়াল দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তারা সংশ্লিষ্ট রেফারিদের বিশ্বকাপ থেকে অপসারণের দাবিও জানিয়েছে।
মিসরের প্রধান কোচ হোসাম হাসান ম্যাচ শেষে বলেন, তাদের দলের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার দাবি, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবং বিশেষ করে লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখার জন্য চাপ কাজ করেছে।
মাঠের বাইরের এই বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জয় পেলে তারা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে।