সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:১৫ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের চার বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দুবাইতে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অন্তত চারটি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। শিগগিরই এসব প্রশ্নের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুবাই পুলিশের হাতে বেনজীর গ্রেফতারের পর বাংলাদেশ সরকার ও দুদকের […]

সাবেক আইজিপি বেনজীরের চার বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

দুবাইতে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অন্তত চারটি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। শিগগিরই এসব প্রশ্নের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুবাই পুলিশের হাতে বেনজীর গ্রেফতারের পর বাংলাদেশ সরকার ও দুদকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সে সময় দুদকের তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব নথি পাঠান। সম্প্রতি দুবাই পুলিশ কয়েকটি বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে, যা দুদকের কাছে এসেছে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা খুব শিগগিরই সে চিঠির জবাব পাঠাবেন।

এর আগে গত ১৬ জুন বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক।

নিয়মানুযায়ী, বিদেশে কোনো আসামি গ্রেফতার হলে তাকে ফেরানোর জন্য তদন্তকারী সংস্থা বা আদালতের গ্রেফতারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং অপরাধের বিস্তারিত বিবরণসহ প্রস্তাবনা তৈরি করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হয়।

দুর্নীতির মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের আমলের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। গত ১২ জুন বাংলাদেশের এনসিবিকে পাঠানো চিঠিতে আবুধাবি জানায়, ইউএইর ‘ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত’ ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী, বেনজীরের প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক লিখিত আবেদন পাঠাতে হবে।

আইন অনুযায়ী প্রত্যর্পণ আবেদনের সঙ্গে আরবি ভাষায় অনুদিত এবং যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলযুক্ত বেশ কিছু তথ্য ও নথি সংযুক্ত করতে হয়। এর মধ্যে রয়েছে প্রত্যর্পণযোগ্য ব্যক্তির নাম, পরিচয়, ছবি (থাকলে), জাতীয়তা, ঠিকানা এবং পরিচয় শনাক্তে সহায়ক তথ্য; অভিযুক্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য আইন, নির্ধারিত শাস্তি এবং তামাদি-সংক্রান্ত বিধান; অনুরোধকারী দেশের বিচারিক কর্তৃপক্ষের জারি করা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা; মামলার বিস্তারিত বিবরণ, যেখানে অপরাধের প্রকৃতি, অভিযোগ এবং অপরাধ সংঘটনের স্থান উল্লেখ থাকবে। তদন্তাধীন মামলার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদনের অনুলিপি এবং দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে আদালতের রায় বা দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপি, অপরাধের বিবরণ, আরোপিত শাস্তি এবং রায় কার্যকরযোগ্য হওয়ার প্রমাণপত্রও দিতে হয়।

২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। দুর্নীতির দুই মামলার তদন্তকালে আদালতের নির্দেশনায় ইন্টারপোলে রেড নোটিশ ইস্যুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল দুদক।

মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের মামলা রয়েছে। ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটির বাদী দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে রেড নোটিশ ইস্যু করা হয়।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে বেনজীরকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হলে তিনি আইনজীবীর মাধ্যমে ২০২৪ সালের ২৭ আগস্ট দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেখানে তিনি ৫ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে তদন্তে দেখা যায়, তিনি ঘোষিত সম্পদের মধ্যে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ১৪ অক্টোবর পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়। ওই মামলাতেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক এবং বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুন।

মামলার এজাহারে বলা হয়, বেনজীর আহমেদ ২০২১ সালের ১১ অক্টোবর ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় হাতে লেখা পাসপোর্ট সমর্পণ করে বিভাগীয় অনাপত্তিপত্র ছাড়া অফিসিয়াল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর জন্য আবেদন করেন। আবেদনপত্রে ‘অফিসিয়াল’ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু প্রফেশন অংশে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ ও মিথ্যার আশ্রয় নিয়ে ‘প্রাইভেট সার্ভিস’ লেখা হয়। পরবর্তীতে র‌্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকাকালেও একইভাবে পাসপোর্টের আবেদনপত্রে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করা হয়। অন্যান্য সময়ও তিনি বিভাগীয় অনাপত্তিপত্র ছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট বা ই-পাসপোর্টের জন্য আবেদন করেন বলে অভিযোগ রয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট আসামিরা বেনজীরের দাপ্তরিক পরিচয় সম্পর্কে জানার পরও প্রয়োজনীয় যাচাই ছাড়া তার নামে পাসপোর্ট ইস্যুর অনুমোদন দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, বেনজীর পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা এবং পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিং মিলিয়ে মোট ছয়টি মামলার তদন্ত চলছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৪৫ বিঘা জমিসহ বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। দেশের বাইরে দুবাইতে থাকা দুটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

গত ১৪ জুন সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীরকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা থেকে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানো হয় এবং বিষয়টি মনিটর করা হয়। পরে ইন্টারপোল ২০২৫/২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪/২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ওই নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়।

মন্ত্রী আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ