ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস-এর সঙ্গে কোনো ধরনের বাকবিতণ্ডার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ জানান, বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে সায়মা ফেরদৌসের বিরোধ নিয়ে […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস-এর সঙ্গে কোনো ধরনের বাকবিতণ্ডার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন এসসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ জানান, বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে সায়মা ফেরদৌসের বিরোধ নিয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, তার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সায়মা ফেরদৌসের বাবা মনিরুল হক চৌধুরী-এর নাম ব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছিল। বিষয়টি তিনি অধ্যাপককে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। পাশাপাশি, নির্দিষ্ট কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি বিকৃত করে প্রচার করছে বলেও দাবি করেন তিনি।
এসব অপপ্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রেক্ষাপট ছাড়া সংবাদ প্রকাশ করে একজন সম্মানিত শিক্ষকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অনভিপ্রেত।