সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের দক্ষ ও প্রস্তুত করে তুলতে […]
ছবি: সংগৃহীত
সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের দক্ষ ও প্রস্তুত করে তুলতে প্রশিক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করা হলে সীমান্ত সুরক্ষায় তা সহায়ক ভূমিকা রাখতে পারে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সীমান্ত ইস্যু কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়; এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এ বিষয়ে দল-মত নির্বিশেষে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে সীমান্ত হত্যা, কথিত পুশইন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সীমান্ত ব্যবস্থাপনা, কূটনৈতিক উদ্যোগ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
আলোচনায় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উমামা ফাতেমাসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।