আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ—এ কথা নতুন করে বলার কিছু নেই। দলের সাফল্যের বড় অংশজুড়েই তাঁর প্রভাব, আর আফ্রিকান কাপ অব নেশনসের মঞ্চে আবারও সেটার প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। মরক্কোর রাজধানী রাবাতে গতকাল রাতে গ্রুপ ই–এর উদ্বোধনী ম্যাচে সুদানের বিপক্ষে ৩–০ গোলের জয়ে মাহরেজ করেন জোড়া গোল। এই দুই গোলেই আফ্রিকান কাপ অব […]
আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ—এ কথা নতুন করে বলার কিছু নেই। দলের সাফল্যের বড় অংশজুড়েই তাঁর প্রভাব, আর আফ্রিকান কাপ অব নেশনসের মঞ্চে আবারও সেটার প্রমাণ দিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
মরক্কোর রাজধানী রাবাতে গতকাল রাতে গ্রুপ ই–এর উদ্বোধনী ম্যাচে সুদানের বিপক্ষে ৩–০ গোলের জয়ে মাহরেজ করেন জোড়া গোল। এই দুই গোলেই আফ্রিকান কাপ অব নেশনসে আলজেরিয়ার হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচের শুরুতেই দলকে দারুণ সূচনা এনে দেন মাহরেজ। এরপর দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ বছর বয়সী এই তারকা। মোহাম্মদ আমুরার নিখুঁত থ্রু–পাস ধরে বক্সের ভেতর ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান তিনি।
আলজেরিয়ার তৃতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে। বাগদাদ বুনেজাহর হেড থেকে ছয় গজ বক্সের একটু বাইরে বল পেয়ে গোল করেন ইব্রাহিম মাজা। এই গোলটি ছিল আফ্রিকান কাপ অব নেশনসে আলজেরিয়ার ১০০তম গোল।
এই টুর্নামেন্টে মাহরেজের গোলসংখ্যা এখন আট। রেকর্ড গড়ার পর তিনি বলেন,
‘এটা সমালোচনার জবাব দেওয়ার বিষয় ছিল না। এসবের সঙ্গে আমি অভ্যস্ত। আমার উত্তরটা সব সময় মাঠে দেওয়া—নিজের খেলায় মনোযোগ রেখে। আমরা পরিষ্কার একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। অযথা কিছু না ভেবে এই ম্যাচ আর গ্রুপের বাকি ম্যাচগুলো জিতে নেওয়াই লক্ষ্য ছিল, যাতে সামনে এগোনো সহজ হয়।’
এই জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ই–এর শীর্ষে উঠেছে আলজেরিয়া। একই দিনে বুরকিনা ফাসো ২–১ গোলে ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়েছে। আগামী রোববার রাবাতেই বুরকিনা ফাসোর বিপক্ষে গ্রুপের পরের ম্যাচ খেলবে মাহরেজের দল।