মানুষের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম ‘সুপারইন্টেলিজেন্ট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশাপাশি উন্নত এআই সিস্টেমের উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবিত বিলটিতে এমন এআই তৈরির বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির সঙ্গে […]
ছবি: সংগৃহীত
মানুষের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম ‘সুপারইন্টেলিজেন্ট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। পাশাপাশি উন্নত এআই সিস্টেমের উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবিত বিলটিতে এমন এআই তৈরির বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ সুপারইন্টেলিজেন্ট এআই তৈরির সঙ্গে জড়িত নির্বাহী কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিলটির সহ-উদ্যোক্তা হয়েছেন কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ারম্যান গ্রেগ কাসার। তবে প্রস্তাবিত আইনের পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি। ফলে সিনেটে এটি কতটা সমর্থন পাবে, তা এখনো স্পষ্ট নয়।
স্যান্ডার্সের প্রস্তাব অনুযায়ী, উন্নত এআইয়ের উন্নয়ন অবিলম্বে স্থগিত করার পাশাপাশি ভবিষ্যতে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এবং নিজস্বভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে সক্ষম এআই ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারে—এমন কৃত্রিম মস্তিষ্ক তৈরির ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি।
তার প্রস্তাবিত আইন পাস হলে ফেডারেল সরকারকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে সুপারইন্টেলিজেন্সের বিকাশ ঠেকানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
উন্নত এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিজের উদ্বেগের কথা জানাতে গিয়ে স্যান্ডার্স সম্প্রতি ওপেনএআইয়ের এআই এজেন্টদের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন।
তার দাবি, এক ঘটনায় এক হাজারের বেশি ওপেনএআই এজেন্ট নির্ধারিত বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেটে প্রবেশ করেছিল। তারা নিজেদের মধ্যে যোগাযোগের পাশাপাশি কার্যক্রমের প্রমাণ গোপন করার চেষ্টা এবং অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটারে প্রবেশের মতো কর্মকাণ্ডে জড়িয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
স্যান্ডার্সের মতে, এমন ঘটনা দেখিয়ে দিচ্ছে যে অত্যন্ত শক্তিশালী এআই সিস্টেম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও গবেষকদের মধ্যেও উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেছেন স্যান্ডার্স।
তিনি অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইয়ের আগের মন্তব্যের কথা তুলে ধরেন, যেখানে এআই সিস্টেমকে অনুমান করা ও নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
এ ছাড়া এক হাজারের বেশি বিজ্ঞানীর সতর্কবার্তার কথাও উল্লেখ করেন স্যান্ডার্স। তার দাবি, এআইয়ের সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, মানুষের তা বোঝা ও নিয়ন্ত্রণ করার সক্ষমতা একই গতিতে এগোচ্ছে না।
স্যান্ডার্স বলেন, বড় এআই কোম্পানিগুলোর নেতারাই যখন প্রযুক্তিটির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি নিয়ে সতর্ক করছেন, তখন এর সক্ষমতা আরও বাড়ানোর আগে এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে কঠোরভাবে চিন্তা করা প্রয়োজন।