সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৪৭ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডবের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের গুয়াম–মারিয়ানায় জরুরি অবস্থা

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ দ্রুত যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। সম্ভাব্য ভয়াবহ আঘাতের আশঙ্কায় ইতোমধ্যে দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত বহু অনুষ্ঠান স্থগিত বা বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে, শনিবার […]

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডবের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের গুয়াম–মারিয়ানায় জরুরি অবস্থা
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ দ্রুত যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। সম্ভাব্য ভয়াবহ আঘাতের আশঙ্কায় ইতোমধ্যে দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত বহু অনুষ্ঠান স্থগিত বা বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে সুপার টাইফুন ‘বাভি’ মারিয়ানা দ্বীপপুঞ্জের কয়েকশ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তখন এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫৯ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি পৌঁছেছিল ঘণ্টায় ৩১৪ কিলোমিটারে, যা যুক্তরাষ্ট্রের হারিকেন স্কেলে ক্যাটাগরি-৫ ঝড়ের সমতুল্য।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অত্যন্ত উদ্বেগজনক। গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের এখন থেকেই অন্তত প্রবল ক্রান্তীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতি আরও খারাপ হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রায় দুই লাখ মানুষের বসবাসকারী এই দ্বীপাঞ্চলে ঝড়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জ্বালানি স্টেশন, হার্ডওয়্যার দোকান, সুপারমার্কেট ও প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। মানুষ বোতলজাত পানি, শুকনো ও টিনজাত খাবার, ব্যাটারি, মোমবাতি, প্লাইউড, জরুরি ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।

নর্দার্ন মারিয়ানার কাগম্যান ভিলেজের বাসিন্দা জেফ গার্সিয়া বলেন, নিরাপত্তাই এখন তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি জানান, অতীতেও তারা একাধিক সুপার টাইফুনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাই আগেভাগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেফ গার্সিয়া বলেন, “আমরা পানি, মোমবাতি, ব্যাটারি এবং টিনজাত খাবার সংগ্রহ করেছি। আগেও এমন ঝড় মোকাবিলা করেছি। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, প্রস্তুতি এবং শৃঙ্খলা।”

টাইফুনের সম্ভাব্য আঘাতের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে পরিকল্পিত অনেক সরকারি ও বেসরকারি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে। নর্দার্ন মারিয়ানার প্যাসিফিক আইল্যান্ডস ক্লাব সাইপান রিসোর্টের কর্মীরা ভবনের জানালায় কাঠের তক্তা লাগানো, বাইরের আসবাবপত্র ও সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি বিদ্যুৎ ও অ্যালার্ম ব্যবস্থা পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী মজুতের কাজ করছেন।

রিসোর্টটির স্পোর্টস, বিনোদন ও কার্যক্রম ব্যবস্থাপক রেমার্ক কাস্ত্রো বলেন, “আমরা সবাই মিলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি। একই সঙ্গে ঝড় কেটে যাওয়ার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”

আবহাওয়াবিদদের আশঙ্কা, বর্তমান গতিপথ অপরিবর্তিত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সুপার টাইফুন ‘বাভি’ গুয়াম ও নর্দার্ন মারিয়ানা অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। তাই স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ